এস, এম আরাফাত আলী
শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা—সব ঋতুতেই ফ্যাশন এবং স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে জিনস বা ডেনিম কাপড়ের জুড়ি মেলা ভার। তবে প্রতিদিনের ব্যবহারে এই প্রিয় পোশাকটির মান, রং এবং পারফেক্ট ফিটিং দীর্ঘস্থায়ী করতে হলে কেবল ধোয়াই যথেষ্ট নয়, বরং এটি শুকানো ও সংরক্ষণের সঠিক কৌশল জানা অত্যন্ত জরুরি। সামান্য অবহেলার কারণে ডেনিমের সুতির সুতা বা তন্তু দুর্বল হয়ে যেতে পারে, যা কাপড়ের স্থায়িত্ব কমিয়ে দেয়। সঠিক পরিচর্যার অভাব কিংবা তাড়াহুড়োয় ড্রায়ারের অতিরিক্ত তাপ ব্যবহারের ফলে জিনসের সুতোয় বাড়তি চাপ পড়ে, যার ফলে কাপড়ের আসল রং ফিকে হয়ে যাওয়া, মাপ ছোট-বড় হওয়া কিংবা স্ট্রেচ ফাইবার নষ্ট হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
পোশাকের আয়ু দীর্ঘ করতে ড্রায়ারের বদলে বাতাসে প্রাকৃতিকভাবে শুকানোকেই সবচেয়ে নিরাপদ পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে গাঢ় রঙের ডেনিম সরাসরি রোদে না শুকিয়ে ছায়াঘেরা ও বাতাসযুক্ত স্থানে মেলে দেওয়া উচিত। ধোয়ার পর জিনস উল্টে নেওয়া হলে এর বাইরের উজ্জ্বল রং সুরক্ষিত থাকে। পানি ঝরিয়ে নেওয়ার পর কাপড়টি ভালো করে ঝাঁকিয়ে নিয়ে কোমর, পায়ের অংশ এবং সেলাইগুলো হাত দিয়ে সুনির্দিষ্ট মাপে টানটান করে দেওয়া প্রয়োজন। তোয়ালের মতো অতিরিক্ত মুচড়ে পানি বের করার চেষ্টা করলে কাপড়ের আকৃতি নষ্ট হতে পারে। দড়িতে সরাসরি না ঝুলিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে অথবা ভালো হাওয়া চলাচল করে এমন সমতল স্থানে ছায়ায় শুকোতে দেওয়া ডেনিমের জন্য বেশি উপযোগী।
জরুরি প্রয়োজনে ড্রায়ার ব্যবহার করতে হলে কম তাপমাত্রা বা নো-হিট সেটিং বেছে নেওয়া এবং কাজটি শেষ হওয়ামাত্রই তা বের করে নেওয়া বুদ্ধিমানের কাজ। দীর্ঘক্ষণ ড্রায়ারে ফেলে রাখলে কাপড় কুঁকড়ে যাওয়ার পাশাপাশি দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। বাতাসে শুকানোর পর জিনস বেশি শক্ত হয়ে গেলে, নামানোর আগে দশ থেকে পনেরো মিনিট কম তাপে ড্রায়ারে রেখে সামান্য ভেজা অবস্থাতেই হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলে কাপড় নরম ও আরামদায়ক থাকে। অন্যদিকে, পোশাক পরিপাটি রাখতে সব সময় ইস্ত্রি করার প্রয়োজন না পড়লেও বিশেষ মুহূর্তে কিছু নিয়ম মেনে চলা দরকার। ইস্ত্রি করার আগে পোশাকের লেবেল পড়ে কাপড়ের তাপ সহ্য করার ক্ষমতা যাচাই করে নেওয়া উচিত, নিষেধ থাকলে কাপড়ে স্টিমার ব্যবহার করা শ্রেয়। রঙের সুরক্ষা বজায় রাখতে জিনস উল্টো করে নিতে হবে এবং কাপড় একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার আগেই হালকা ভেজা অবস্থায় উপর থেকে নিচে সোজাভাবে একমুখী টানে ইস্ত্রি করলে নিখুঁত ফিনিশিং পাওয়া যায়।