খুলনা নগরীর শিববাড়ী এলাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালো রং মাখানো এবং রবীন্দ্রনাথবিরোধী পোস্টার লাগানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর গতকাল তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দেয়ালচিত্রটি পুনরায় আঁকার কাজ শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
পাশাপাশি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান কেসিসি প্রশাসক।
উল্লেখ্য, নগরীর শিববাড়ী এলাকার একটি দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো রং মাখানো এবং সেখানে রবীন্দ্রনাথবিরোধী পোস্টার লাগানোর ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে আলোচনা তৈরি হয়।