সুজিত বাছাড়, দিঘলিয়া, খুলনা:
খুলনার দিঘলিয়ায় বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা, জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও প্রীতিভোজের মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে দিঘলিয়া উপজেলা সদরে অবস্থিত সংগঠনের কার্যালয়ের সামনে লুৎফরের বটতলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাঁশেরহাট, পানিগাতি, ব্রহ্মগাতী, সুতিরকুল, দিঘলিয়া উপজেলা পরিষদ, গোয়ালপাড়া, সুগন্ধি, সেনহাটি ও পথের বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সংগঠনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্তের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত তিনি উপস্থিত থাকতে পারেন নাই। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নুরুল ইসলাম বাবুল এবং মো. রিপন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা দিঘলিয়া শাখার সভাপতি সার্জেন্ট মো. ফিরোজ আলী শেখ।
এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. বাবর আলী, সহযোগী উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাজমুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রাজ্জাক ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান মিনা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মল্লিক, সহসাধারণ সম্পাদক সার্জেন্ট মো. আসাদুজ্জামান এবং সাধারণ সদস্য কর্পোরাল মো. নাজমুল হক। বক্তারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. শাহ জামাল। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে অতিথি ও উপস্থিত সদস্যদের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।