আল মাহফুজ শাওন
১৮ নভেম্বর পর্যন্ত চলবে বইমেলা, থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা
খুলনা প্রতিনিধি: খুলনায় শুরু হয়েছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বইমেলার উদ্বোধন করা হয়।
খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম, খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ পরাগ তালুকদার।
আয়োজক সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এ বইমেলা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তবে সরকারি ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
বইমেলাকে ঘিরে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বরচিত কবিতা পাঠের আয়োজন। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বইপ্রেমী, লেখক, প্রকাশক ও নতুন প্রজন্মের পাঠকদের অংশগ্রহণে এ আয়োজন খুলনায় বই পড়ার আগ্রহ ও সাহিত্য-সংস্কৃতির চর্চাকে আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা আয়োজকদের।