
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা’র সঙ্গে খুলনাস্থ গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা খুলনা মহানগরীর চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগরবাসীর বিভিন্ন ভোগান্তির বিষয় তুলে ধরেন। গণমাধ্যমকর্মীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন নবনিযুক্ত পুলিশ কমিশনার। এ সময় পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, পুলিশের কার্যক্রম ও সেবার তথ্য সাধারণ মানুষের কাছে স্বচ্ছ ও যথাযথভাবে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের গঠনমূলক মতামত ও পর্যবেক্ষণ পুলিশকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনবান্ধবভাবে কাজ করতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে আইনানুগ সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে গণমাধ্যম ও পুলিশের মধ্যে সমন্বিত সহযোগিতা একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য নগরী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম. এম. শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।
এছাড়া খুলনাস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।
তথ্য ও ছবি : কেএমপি