
সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে দিঘলিয়া উপজেলার সামাজিক ও পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। শুক্রবার (৫ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচি দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের মোমিনপুর আতাই নদী ভাঙন এলাকায় অনুষ্ঠিত হয়।
এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, নদীভাঙন প্রতিরোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ কর্মসূচির উদ্বোধন করে খুলনা সাইকেলিং কমিউনিটি। বিশ্ব বাইসাইকেল দিবস (৩ জুন ২০২৬) উপলক্ষে পরিবেশবান্ধব সচেতনতা কার্যক্রমের ধারাবাহিকতায় সংগঠনটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। তারা সমাজের সর্বস্তরের মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, “আজকের একটি ছোট উদ্যোগ আগামী দিনের পৃথিবীকে আরও নিরাপদ, সবুজ ও প্রাণবন্ত করে তুলতে পারে। তাই পরিবেশ রক্ষার এই আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়া প্রয়োজন।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে সামাজিক ও পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল-এর সদস্যবৃন্দ, খুলনা সাইকেলিং কমিউনিটি-র সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।