
সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি:
খুলনার দিঘলিয়ায় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে এক বিশেষ মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে উপজেলার সাগুরিয়া খালের প্রায় ৩.৫ কিলোমিটার এলাকা জুড়ে থাকা অবৈধ নেট-পাটা এবং পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টিকারী বিভিন্ন বাঁধ অপসারণ করা হয়।
গতকাল ৮ জুলাই ২০২৬ তারিখে উপজেলার মোমিনপুর স্লুইসগেট থেকে শুরু করে পানিগাতি পর্যন্ত খালের বিশাল এলাকা জুড়ে এই অভিযান সফলভাবে পরিচালিত হয়। দিঘলিয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে এ অভিযানের আয়োজন করা হয়।
অভিযান চলাকালে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন দাস গুপ্ত স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “খালের প্রতিটি দেশি মাছ আমাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। কিন্তু দুঃখজনকভাবে কিছু মানুষ অবৈধ জাল-পাটা ও নিষিদ্ধ ফাঁদ ব্যবহার করে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত করছে। এর ফলে আমাদের জলজ জীববৈচিত্র্য আজ হুমকির মুখে পড়ছে এবং হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির নানা মাছ।”
ইউএনও আরও বলেন, “সরকারি আইন অমান্য করে খালে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করা সম্পূর্ণ বেআইনি। খাল রক্ষা করা এবং জলজ সম্পদ টিকিয়ে রাখা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান এবং নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খা বাবলি, দিঘলিয়া থানা পুলিশের একদল চৌকস টিম, স্থানীয় সামাজিক সংগঠন ‘আলোর মিছিল’-এর প্রতিনিধিবৃন্দ এবং এলাকার স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।
পরিবেশ ও দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এমন সময়োপযোগী ও কার্যকরী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।