
মো: আল-মাহফুজ শাওন
খুলনা, ১৫ জুলাই: খুলনা নগরীর শান্তিধাম জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে খুলনা মফস্বল প্রেসক্লাব।
বুধবার এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য গভীর উদ্বেগজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এ ধরনের হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার ওপর আঘাত নয়, বরং মুক্ত সাংবাদিকতার পরিবেশকে ভয়ভীতির মধ্যে ঠেলে দেওয়ার অপচেষ্টা।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে শান্তিধাম জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে বসে থাকা অবস্থায় খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখসহ কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এ ঘটনায় সাংবাদিক আওয়াল শেখ আহত হন।
খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, নিরপেক্ষ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যাতে কোনো অপরাধী পার পেয়ে না যায়।
নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তাদের নিরাপদ ও নির্ভয় পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
খুলনা মফস্বল প্রেসক্লাব মনে করে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হলে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা আরও শক্তিশালী হবে এবং আইনের শাসনের প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধি পাবে।