
মো: আল-মাহফুজ শাওন
খুলনা মহানগর হকার্স ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হকারদের বিভিন্ন সমস্যা, অধিকার, ব্যবসায়িক পরিবেশ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, নগরীর ফুটপাত ও সড়কের পাশে ব্যবসা করে জীবিকা নির্বাহকারী হকাররা দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। বিশেষ করে বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া, উচ্ছেদ অভিযান এবং ব্যবসায়িক মন্দার কারণে হকারদের আয়-রোজগার ব্যাপকভাবে কমে গেছে। এ অবস্থায় হকারদের পুনর্বাসন, নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, হকাররা নগর অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের উচ্ছেদ না করে পরিকল্পিতভাবে ব্যবসার সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, পরিচয়পত্র প্রদান এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, হকারদের ঐক্যবদ্ধ থাকা এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে নিয়মতান্ত্রিকভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় হকারদের জীবনমান উন্নয়ন ও সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়।