
ছাত্রছাত্রীদের নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীর বিভিন্ন বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে। এ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ‘রোড সেফটি’ বিষয়ক একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়।
ভিডিওটিতে বাসা থেকে স্কুলে যাওয়া ও ফেরার পথে কীভাবে নিরাপদে চলাফেরা করতে হবে, সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলার উপায়, রাস্তা পারাপারের নিয়ম, যানবাহনে ওঠা-নামার সঠিক পদ্ধতি, এবং ফুটপাত না থাকলে রাস্তার কোন পাশে হাঁটতে হবে— এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
কেএমপি’র বিশেষ টিম শিক্ষার্থীদের এসব জীবনরক্ষাকারী নিয়ম সম্পর্কে সরাসরি আলোচনা করে এবং সচেতনতার পাশাপাশি মানব পাচারের শিকার না হওয়া, মাদকাসক্তি থেকে দূরে থাকা, বাল্যবিবাহের কুফল ও মোবাইল আসক্তি প্রতিরোধ বিষয়ে মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন।
বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় ও শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ে কেএমপি’র টিমের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।
ন্যাশনাল মাধ্যমিক বিদ্যালয়ে নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম।
কেএমপি সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।