
ইমাম প্রশিক্ষণ কার্যক্রমে সৌদি আরব সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রী শেখ ড. আব্দুল লতীফ বিন আবদুল আযীজ আল-শাইখ। বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দা প্রদেশে তাঁর কার্যালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
ধর্ম উপদেষ্টা বাংলাদেশের মুসলমানদের সেবা, দ্বীনি শিক্ষা এবং দাওয়াহ কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানালে সৌদি মন্ত্রী ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তার প্রতিশ্রুতি দেন।
সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, ধর্মীয় শিক্ষা, দাওয়াতি কার্যক্রম ও উভয় দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে ব্যাপক আলোচনা হয়। সৌদি মন্ত্রী দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা স্মরণ করে দ্বীনি দাওয়াত, সচেতনতা এবং দিকনির্দেশনামূলক কার্যক্রমে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, এসব কার্যক্রম সৌদি আরবের ইসলামের সহনশীল মূল্যবোধ প্রচারের বৈশ্বিক বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ধর্ম উপদেষ্টা বিশ্ব মুসলিম উম্মাহর সেবায় সৌদি আরবের অবদান, দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধান, হজযাত্রীদের সেবা, এবং বিশ্বব্যাপী সহনশীলতার বার্তা ছড়িয়ে দেওয়ার ভূমিকাকে আন্তরিকভাবে প্রশংসা করেন। পাশাপাশি সৌদি বাদশাহ ও যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি প্রদত্ত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। দাওয়াত ও শিক্ষা কার্যক্রমে সৌদি ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ সহযোগিতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
এ সময় সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, বাংলাদেশ কনসুলেট জেদ্দার কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক এবং কাউন্সিলর (হজ) মো: কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ধর্ম উপদেষ্টা বর্তমানে সৌদি আরবে সরকারি সফরে রয়েছেন।
তথ্য ও ছবি:
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ