
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “নারীদেরকে পিছনে রেখে আমরা এগিয়ে যেতে পারব না। অগ্রগতির পথ তৈরি করতে হলে মা-বোনদেরকে সঙ্গী করেই এগোতে হবে।” রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা আয়োজিত হিফযুল কুরআন অ্যাওয়ার্ড–২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হযরত খাদিজা (রা.), হযরত আয়েশা (রা.) ও নারী সাহাবিদের অংশগ্রহণেই সমাজ বিনির্মাণ ও রাষ্ট্র পরিচালনা এগিয়েছে। এমনকি যুদ্ধক্ষেত্রেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই আমাদের মেয়েদের হাফেযা, আলিমা, মুহাদ্দিসা, চিকিৎসক, প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী হিসেবে গড়ে তুলতে পারলে—তারা সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে গুরত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
নতুন দিনের স্বপ্ন তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন,
“ভেদাভেদ নয়; আমাদের একসাথে এগোতে হবে। ইসলামি আদর্শের ভিত্তিতে যে কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি, নিবরাস মাদরাসা সে পথে মাইলফলক হয়ে থাকবে।”
মানুষকে সম্মান করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন,
“আমি যদি অন্যকে সম্মান না করি, তার কাছ থেকে সম্মান পাওয়ার প্রত্যাশাও করি না। গীবত, পরনিন্দা ও পরচর্চা পরিহার করতে হবে। ক্ষুদ্র ভেদাভেদ ভুলে কালেমা তাইয়্যেবার পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
নিবরাস মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আহমাদ যাবেরী আল-মাদানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা,
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক,
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল কুররা হাফেয ক্বারী আব্দুল হক,
নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।
অনুষ্ঠান শেষে ধর্ম উপদেষ্টা হাফেযদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। এ বছর মাদরাসাটির ১৬৭ জন শিক্ষার্থী হিফযুল কুরআন অ্যাওয়ার্ড পেয়েছে, যার মধ্যে ১৩২ জন বালক এবং ৩৫ জন বালিকা।
খুলনার প্রতিচ্ছবি : আপনার কণ্ঠস্বর