
রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় আজ বিকেলে খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটিকে প্রায় এক ঘণ্টার অভিযান শেষে নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। পুরো ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।
চিড়িয়াখানা সূত্রে জানা যায়, সিংহটি খাঁচা থেকে বেরিয়ে পড়ার সঙ্গে সঙ্গে চিড়িয়াখানার নিরাপত্তা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে বিশেষ প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল অচেতন করার মাধ্যমে সিংহটিকে সফলভাবে নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সিংহটির শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসক দল নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।
ঘটনার কারণ উদ্ঘাটনে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ বয়জার রহমানকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন উপপরিচালক (খামার) মোঃ শরিফুল হক। কমিটি তিন দিনের মধ্যে মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানকে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং দর্শনার্থী ও গণমাধ্যমের সহযোগিতা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি ভবিষ্যতে নিরাপত্তা আরও জোরদার করার আশ্বাস দিয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ঘটনাটির পরও চিড়িয়াখানা পরিদর্শন দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিরাপদ। নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবেই চালু রয়েছে।