
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভলান্টিয়ারদের জন্য সুযোগ-সুবিধা প্রদান, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং প্রশিক্ষণের সংখ্যা বৃদ্ধি নিয়ে ভাবছে সরকার। খুব শিগগিরই এ বিষয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
শুক্রবার সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ভলান্টিয়াররা নিঃস্বার্থ সেবার মাধ্যমে জনগণের প্রকৃত বন্ধু হয়ে উঠেছে। সাম্প্রতিক ভূমিকম্প, অগ্নিদুর্ঘটনাসহ বড় দুর্ঘটনায় ফায়ারফাইটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যেভাবে অংশ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
কোনো সুবিধা ছাড়াই নিঃস্বার্থভাবে কাজ করার জন্য তিনি ভলান্টিয়ারদের আন্তরিক সাধুবাদ জানান এবং বলেন—
“তাদের এই কাজের প্রতিদান শুধু ইহকালেই নয়, পরকালেও তারা পাবেন।
এখন পর্যন্ত ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ সম্পন্ন করেছে ফায়ার সার্ভিস। তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ভলান্টিয়াররা ফায়ার সার্ভিস পরিবারের অংশ হয়ে মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যা জনবল সংকট দূরীকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান,
বড় দুর্যোগে সরকারি বাহিনীর এককভাবে সবকিছু সামাল দেওয়া কঠিন। এ ক্ষেত্রে স্বেচ্ছাসেবকরা পেশাদারদের সঙ্গে মিলে দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুয়াহঠানে স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এছাড়া অধিদপ্তরের কর্মকর্তারা, স্বেচ্ছাসেবক এবং অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে উপদেষ্টা ভলান্টিয়ারদের প্রদর্শিত অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া পরিদর্শন করেন।