
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্য সামনে রেখে খুলনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোখতার আহমেদ।
খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার, কেএমপি, শেখ জয়নুদ্দীন, অতিরিক্ত ডিআইজি, খুলনা, জনাব জালাল উদ্দিন আহাম্মদ, পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, খুলনা, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, খুলনা, অধ্যাপক মনি মোহন সাহা, সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি
স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ আবদুল ওয়াদুদ।
অনুষ্ঠানের শুরুতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবস উদযাপনের উদ্বোধন করা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্থ রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়নযাত্রাকে ব্যাহত করে এবং সমাজে বৈষম্য সৃষ্টি করে। তরুণ প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসিত ও স্বচ্ছ দেশ উপহার দেওয়া সম্ভব হবে।