
সরকার দেশের অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মার্চ পর্যন্ত অবৈধ সকল মোবাইল ফোন নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। এর আগে এই সময়সীমা ছিল ১৬ ডিসেম্বর। তবে, পূর্বঘোষণা অনুযায়ী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু করা হবে।
এ বিষয়ে বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ডাক, টেলিযোগায়োগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সরকার চোরাচালান, ক্লোনড, রিফার্বিশড ও বিদেশ থেকে আনা মোবাইল ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ, ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং সংশ্লিষ্ট ডিজিটাল অপরাধ থেকে জনসাধারণের সুরক্ষা এবং নিয়ম বহির্ভূতভাবে দেশের বাজারে অনুপ্রবেশকৃত মোবাইল ফোনের শুল্ক ফাঁকি প্রতিরোধের লক্ষ্যে এনইআইআর ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এসময়ের মধ্যে সব অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করার জন্য প্রাথমিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোবাইল বিজনেস কমিউনিটির সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে গত তিনদিন ধরে ধারাবাহিক আলোচনা হয়। তাতে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বর্তমানে দেশে থাকা সব অনিবন্ধিত মোবাইল ফোন ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১৫ মার্চের মধ্যে নিবন্ধন করার সুযোগ দেওয়া হয়েছে।
সরকার বলেছে, দেশে মোবাইল ফোন আমদানিতে কোনো বাঁধা নেই। তবে, কতগুলো পুরনো ফোন আমদানি করা যাবে এবং কোন কোন মডেল আনা যাবে, সে বিষয়ে ডাক টেলিযোগায়োগ বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়সহ উপযুক্ত কর্তৃপক্ষকে অবহিত করবে। এছাড়া, মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনঃনির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। ডাক ও টেলিযোগায়োগ বিভাগ এ বিষয়ে মধ্যস্থতা করবে।
বিজ্ঞপ্তিতে সকল পক্ষকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর এনইআইআর’র উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং মোবাইল বিজনেস কমিউনিটির নেতারা দৃঢ় সমর্থন জানিয়েছেন।