
গাজী মেডিকেল কলেজে আধুনিক শিক্ষার নতুন মাত্রা যোগ হলো ই-লাইব্রেরি উদ্বোধনের মধ্য দিয়ে। আজ এক সংক্ষিপ্ত কিন্তু প্রাণবন্ত অনুষ্ঠানে কলেজের সম্মানিত চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে ই-লাইব্রেরিটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—প্রফেসর ডা. মো. আব্দুল মান্নান, প্রিন্সিপাল, গাজী মেডিকেল কলেজ, প্রফেসর ডা. নূরশেরাত আহমেদ, ভাইস প্রিন্সিপাল, গাজী মেডিকেল কলেজ, প্রফেসর ডা. খান শাকিল আহমেদ। এছাড়া কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, নতুন এই ই-লাইব্রেরির মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক জার্নাল, ই-বুক, রিসার্চ ডাটাবেস, শিক্ষামূলক ভিডিওসহ বিশ্বমানের বিস্তৃত চিকিৎসা-বিষয়ক তথ্যভাণ্ডারে সহজে প্রবেশাধিকার পাবেন। যা শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে, গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং দক্ষ স্বাস্থ্যসেবক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান বলেন—
“আমাদের লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তির সহায়তায় গাজী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিশ্বমানের চিকিৎসাশিক্ষা নিশ্চিত করা। ই-লাইব্রেরি সেই লক্ষ্যের দিকে একটি বড় অগ্রগতি।”
প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল তাঁদের বক্তব্যে আশা প্রকাশ করেন, ই-লাইব্রেরি শিক্ষার্থীদের শিক্ষাগত অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে এবং তাদেরকে গ্লোবালি প্রতিযোগিতামূলক দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তুলবে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা যেকোনো সময় ই-লাইব্রেরি ব্যবহার করতে পারবেন এবং ভবিষ্যতে এতে আরও উন্নত ডিজিটাল রিসোর্স যুক্ত করা হবে।