
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে খুলনার গল্লামারি বধ্যভূমি স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গল্লামারি বধ্যভূমি স্মৃতিসৌধে প্রথমে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোক্তার আহমেদ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি সম্মান জানান। পরে খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
মহান বিজয় দিবসে এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে খুলনা জেলা প্রশাসন মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও বীরত্বকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।