
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নগরীর ৪ নম্বর বিআইডাব্লিউটিএ ঘাটে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা পদ্মা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যুদ্ধজাহাজটি দেখতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন। এ সময় নৌবাহিনীর সদস্যরা দর্শনার্থীদের জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখান এবং জাহাজের অস্ত্রসজ্জা, প্রযুক্তি ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
সাধারণত যুদ্ধজাহাজগুলো মানুষের নাগালের বাইরে থাকায় বিজয় দিবসে কাছ থেকে নৌবাহিনীর যুদ্ধজাহাজ দেখার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন দর্শনার্থীরা। অনেকেই বলেন, এ ধরনের আয়োজন দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা সম্পর্কে সাধারণ মানুষের জানার সুযোগ সৃষ্টি করে এবং দেশপ্রেম জাগ্রত করে।
এ বিষয়ে বানৌজা পদ্মার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাফিউর রহমান জানান, নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, সমুদ্রপথে অবৈধ পাচার রোধসহ সকল ধরনের অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।