
খুলনা আড়ংঘাটা থানার শলুয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক এমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় দেবা (৪৩) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক মিলন একটি অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন এবং আড়ংঘাটা প্রেসক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শলুয়া বাজারে জনতা ব্যাংকের পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন মিলন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা মিলনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চায়ের দোকানে বসে থাকা দেবা নামে অপর একজন গুলিবিদ্ধ হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে। ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এ হত্যাকাণ্ডে স্থানীয় সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।