
ব্যবহারকারীদের জন্য বিরক্তিকর ও সম্ভাব্য ব্যয়বহুল সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে অ্যামোলেড ডিসপ্লের ‘গ্রিন লাইন ইস্যু’। অ্যামোলেড ডিসপ্লে বিশিষ্ট ফোনে হঠাৎ করে পর্দার ওপর দিক থেকে নিচ পর্যন্ত একটি সবুজ উল্লম্ব দাগ দেখা যাচ্ছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
এই সমস্যায় ফোনের স্ক্রিনে স্থায়ীভাবে একটি সবুজ রেখা দেখা যায়, যদিও ফোনের অন্যান্য ফাংশন স্বাভাবিকভাবেই কাজ করে। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, ফোন কখনো পড়ে না গেলেও বা পানিতে না ভিজলেও এই দাগ হঠাৎ দেখা দিয়েছে। কারও কারও ক্ষেত্রে আবার সফটওয়্যার আপডেটের পর সমস্যাটি শুরু হয়েছে।
স্যামসাং, ওয়ানপ্লাস, অপো, রিয়েলমি, ভিভো, আইকিউওও, শাওমি, মটোরোলা, নাথিং, হুয়াওয়ে এমনকি অ্যাপলের কিছু ডিভাইসেও এই সমস্যা দেখা গেছে। ফলে এটি কোনো একক ব্র্যান্ডের ত্রুটি নয়; বরং অ্যামোলেড প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত একটি হার্ডওয়্যারজনিত সমস্যা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
* কেন দেখা দেয় গ্রিন লাইন?
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই সমস্যার প্রধান কারণ হলো ডিসপ্লে ফ্লেক্স কেবল বা কানেক্টরের ত্রুটি। এই কেবল ডিসপ্লে ও মাদারবোর্ডের মধ্যে সংযোগ বজায় রাখে। সংযোগ দুর্বল হয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে স্ক্রিনে স্থায়ী সবুজ রেখা দেখা দিতে পারে।যদিও অনেক ব্যবহারকারীর ক্ষেত্রে সফটওয়্যার আপডেটের পর সমস্যা শুরু হয়, গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে—এটি সরাসরি সফটওয়্যারজনিত নয়। আপডেটের সময় অতিরিক্ত তাপ তৈরি হলে ডিসপ্লে কেবল ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ছাড়া ফোন পড়ে যাওয়া, স্ক্রিনে চাপ পড়া বা পানির সংস্পর্শেও এই ত্রুটি দেখা দিতে পারে।
* সমাধান কী?
গ্রিন লাইন সমস্যার একমাত্র স্থায়ী সমাধান হলো ডিসপ্লে পরিবর্তন। এটি কোনো সেটিংস বদলে বা সফটওয়্যার আপডেট দিয়ে ঠিক করা যায় না।তবে শুরুতে একবার ফোন রিস্টার্ট করে দেখা যেতে পারে—যদি এটি সাময়িক ত্রুটি হয়। সমস্যা থেকে গেলে অবশ্যই অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে সার্ভিস সেন্টার পুরো ডিসপ্লে অ্যাসেম্বলি পরিবর্তনের পরামর্শ দেয়। কিছু ক্ষেত্রে মাদারবোর্ড পরিবর্তনের প্রয়োজনও হতে পারে।
* সতর্কতা
অনলাইনে এমন কিছু ভিডিও পাওয়া যায়, যেখানে আগুন বা লাইটারের তাপ ব্যবহার করে গ্রিন লাইন দূর করার দাবি করা হয়। এটি চরম ঝুঁকিপূর্ণ এবং কখনোই অনুসরণ করা উচিত নয়। অতিরিক্ত তাপে ব্যাটারি বিস্ফোরণের আশঙ্কা থাকে, বিশেষ করে পুরনো ডিভাইসে। এতে সমস্যা সমাধানের কোনো নিশ্চয়তা নেই, বরং বড় দুর্ঘটনার ঝুঁকি থাকে।
গ্রিন লাইন ইস্যু এখনো অ্যামোলেড ডিসপ্লের একটি বড় সীমাবদ্ধতা হিসেবেই রয়ে গেছে। ২০২৪ সালের পরের নতুন প্রজন্মের প্যানেলে এই সমস্যা কমানোর চেষ্টা করা হলেও ২০২৫ সালেও অনেক ব্যবহারকারী এতে ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, সতর্কভাবে ফোন ব্যবহার করলে ঝুঁকি কিছুটা কমানো সম্ভব হলেও পুরোপুরি প্রতিরোধের নির্ভরযোগ্য উপায় এখনো নেই।