
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ MV EVITA চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MOU) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-02 এর আওতায় এই গম আমদানি করা হয়েছে। এটি G to G-02 চুক্তির আওতায় আমদানি হওয়া গমের প্রথম চালান।
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির চুক্তি করা হয়েছে। এর মধ্যে প্রথম চালান হিসেবে এই ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। এর মধ্যে ৩৪ হাজার ১৩৪ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৫৬ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
উল্লেখ্য, এর আগে G to G-01 চুক্তির আওতায় ইতোমধ্যে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি সম্পন্ন হয়েছে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তথ্যসূত্র : খাদ্য মন্ত্রণালয়