
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অগ্রগামী দলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেএমপি বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা, গোয়েন্দা নজরদারি জোরদার এবং মাঠপর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।
কেএমপি কমিশনার আরও জানান, দেশি ও বিদেশি নির্বাচন পর্যবেক্ষক, কূটনীতিক এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে, যা ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও সদ্য ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা,সহ কেএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় ইইউ প্রতিনিধিদল নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে কেএমপির গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন।