
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে খুলনায় এক বিশেষ দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) নগরীর রেলিগেটস্থ অ্যাডামস মিলনায়তনে ‘মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ’ প্রকল্পের আওতায় এই দিনব্যাপী আয়োজনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাডামস ফাউন্ডেশন। বাংলাদেশে জলবায়ু সহনশীলতার উন্নয়ন এবং জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতার লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম। তিনি তাঁর বক্তব্যে উপকূলীয় এলাকার প্রাণপ্রকৃতি রক্ষায় দেশি-বিদেশি গবেষকদের সুপারিশমালা দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব থেকে উপকূলকে বাঁচাতে হলে কেবল অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়, বরং বহুমুখী অভিযোজন কৌশল গ্রহণ করতে হবে। তিনি বিদ্যমান বেড়িবাঁধগুলোকে চলাচলের উপযোগী ও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন, যাতে এর মাধ্যমে স্থানীয় জনগণের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া সরকারি প্রকল্পগুলো আশানুরূপ সফল না হওয়ার কারণসমূহ চিহ্নিত করে সমন্বিতভাবে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বিশেষ করে, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত বা স্থানান্তরিত মানুষের জীবনমান উন্নয়নের সময় শহরের স্বাভাবিক ভারসাম্য যেন নষ্ট না হয়, সে বিষয়েও তিনি নীতিনির্ধারকদের সতর্ক থাকার পরামর্শ দেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন অ্যাডামসের উপ-নির্বাহী পরিচালক আশিক মাহমুদ এবং মূল প্রবন্ধ পাঠ করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ড. আনজুম তাসনুভা। আলোচকগণ তাদের বক্তব্যে জলবায়ু সহনশীল দেশ গঠনে সরকার, জনগণ ও উন্নয়ন সহযোগীদের মধ্যে নিবিড় সেতুবন্ধন তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্থানীয় অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পারলে দুর্যোগ মোকাবিলা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।
এই উচ্চপর্যায়ের কর্মশালায় প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক ড. মো: নূরুন্নবী মোল্লা, খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো: ইয়াসিন আলী ও বিভাগীয় প্রধান অধ্যাপক মো: রেজাউল ইসলাম, পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো: মুজিবর রহমান এবং কেডিএ-এর প্ল্যানিং অফিসার মো: তানভির আহমেদ। এছাড়া আইক্যাডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব হকসহ অন্যান্য বিশেষজ্ঞগণ প্রকল্প সম্পর্কে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন সমন্বয়কারী জিল্লুর রহমান ও আইক্যাডের প্রতিনিধি মো: নূর ইলাহী।