
খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল এলাকায় ভ্যান চুরির সময় তিন যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার সন্ধ্যায় চুরির কিছুক্ষণের মধ্যেই চুরি হওয়া ভ্যানসহ তাদের আটক করা হয়।
ভুক্তভোগী ভ্যানচালক নান্নু মল্লিক জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি চন্দনীমহল এলাকায় নিজ বাড়ির সামনে, রকিব মল্লিকের পুকুরপাড় সংলগ্ন স্থানে ভ্যানটি রেখে ঘরের ভেতরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ভ্যানটি না পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয় এবং চোরদের খোঁজে বিভিন্ন দিকে ছুটে যায়।
একপর্যায়ে মল্লিকপুর ঘাট এলাকায় পালানোর সময় চুরি হওয়া ভ্যানসহ তিন যুবককে দেখতে পেয়ে স্থানীয়রা তাদের আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
আটককৃতরা হলেন—খালিশপুর হার্ডবোর্ড খেয়াঘাট এলাকার হাসান খানের ছেলে মো. ইব্রাহিম হোসেন বাবুল (২৫), যশোরের গদখালী গ্রামের বিধান বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস (৩০) এবং খালিশপুর গাবতলা এলাকার মৃত মৃত্যুঞ্জয়ের ছেলে বাঁধন (২৫)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভ্যান চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।
উপার্জনের একমাত্র মাধ্যম ফিরে পাওয়ায় ভ্যানচালক নান্নু মল্লিক স্বস্তি প্রকাশ করেছেন।