
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। দিবসটি ঘিরে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং শনিবার সকালে নগর ভবনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির মাননীয় প্রশাসক জনাব মো. মোখতার হোসেন।
নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কোমলমতি শিশুদের তুলির আঁচড়ে ফুটে ওঠে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদ মিনার এবং ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতি। রচনা প্রতিযোগিতাতেও শিক্ষার্থীরা মাতৃভাষার গুরুত্ব ও ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে।
বিজয়ীদের হাতে বই, মেডেল ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ তার বক্তব্যে বলেন, “নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার গুরুত্ব এবং ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। শিশুদের সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে দেশপ্রেম জাগ্রত করতে কেসিসি সবসময় পাশে থাকবে।”
অনুষ্ঠানে কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও অন্যান্য অতিথিবৃন্দ।