
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পথের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে পরিচালিত এ অভিযানে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—আমির কসমেটিক্স (৩ হাজার টাকা), সোহাগ ভ্যারাইটিস (৪ হাজার টাকা) এবং পিয়া বেকারি (৫ হাজার টাকা)।
অভিযান সূত্রে জানা যায়, বাজারের বিভিন্ন মুদি দোকান, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয়কেন্দ্র পরিদর্শনকালে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে পণ্যের মূল্য তালিকা সুস্পষ্টভাবে প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং কিছু ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির চেষ্টা করার অভিযোগের সত্যতা মেলে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ক্রেতাদের সঙ্গে স্বচ্ছ আচরণ নিশ্চিত করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব। তিনি বলেন, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। বিশেষ করে আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
স্থানীয় ক্রেতারা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, নিয়মিত মনিটরিং কার্যক্রম চালু থাকলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং অসাধু ব্যবসায়ীরা অনিয়ম করার সুযোগ পাবে না।