
খুলনার আফিলগেট এলাকায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মরহুম মিজানুর রহমান বাচ্চুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (আজ) সকাল থেকেই হেলমেট পরিহিত দুই যুবক একটি নীল রঙের FZ 4V মোটরসাইকেলে করে আফিলগেট এলাকায় একাধিকবার ঘোরাঘুরি করে। বিষয়টি স্থানীয়দের সন্দেহের সৃষ্টি করলেও তখন তাদের উদ্দেশ্য স্পষ্ট হয়নি।
বিকেল আনুমানিক ৩টার দিকে ওই দুই ব্যক্তি আফিলগেট এলাকায় এসে সোহেল শেখকে লক্ষ্য করে মাথায় গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান। নিরাপত্তাজনিত কারণে আতঙ্কিত স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া করতে পারেননি। গুলি চালানোর পর হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
সূত্র জানায়, নিহত সোহেল শেখ আফিলগেট বাজার এলাকায় পাম্পের পাশে একটি মোটরসাইকেল গ্যারেজে নিয়মিত বসতেন।
খবর পেয়ে পুলিশ ও গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনার পর আফিলগেট ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।