
দেশের সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশ কোস্টগার্ডের দেশপ্রেম, পেশাদারিত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কোস্টগার্ড–এর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র উপকূল ও নদীতীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে দুর্যোগ মোকাবিলা ও জনগণের স্বার্থে পরিচালিত মানবিক কার্যক্রমের জন্য তিনি বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
তিনি কোস্টগার্ড সদস্যদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি দিয়ে জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।
বৈঠকে মহাপরিচালক বাহিনীর চলমান উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।
পরিশেষে প্রধানমন্ত্রী দেশের সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে বাহিনীটি দেশের সমুদ্রসীমার অতন্দ্র প্রহরী হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করবে।