
সারাদেশে মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতা চালু করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে মন্দির ও গির্জার পুরোহিতদেরও এই সম্মানী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি মসজিদের ইমাম মাসিক ৫ হাজার টাকা সম্মানী পাবেন। এছাড়া মুয়াজ্জিন পাবেন ৩ হাজার টাকা এবং খাদেম পাবেন ২ হাজার টাকা। অর্থাৎ প্রতিটি মসজিদের জন্য মোট ১০ হাজার টাকা মাসিক ভাতা বরাদ্দ রাখা হয়েছে।
প্রাথমিকভাবে এই কর্মসূচি পাইলট স্কিমের আওতায় চালু করা হচ্ছে। আগামী ১৫ মার্চের মধ্যে ধর্মীয় নেতারা এই সম্মানী পেতে শুরু করবেন বলে জানা গেছে। এর আগে ১৪ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহারে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদার করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল।
ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ধর্মীয় নেতাদের জন্য এই সম্মানী চালু করা হচ্ছে।
তিনি জানান, এর আগে সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে।
সরকার মনে করছে, এই উদ্যোগের মাধ্যমে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা নিশ্চিত হবে এবং ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।