
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান–২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশনায় খুলনা সিটি কর্পোরেশন–এর উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গ্রীনল্যান্ড আবাসিক এলাকায় (৭ নম্বর ঘাট সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে অভিযানটির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সভাপতি শফিকুল আলম মনাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এজন্য নগরবাসীর সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। তারা সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বাসাবাড়ির ছাদ, ফুলের টব, ড্রাম, পরিত্যক্ত টায়ার বা যেকোনো স্থানে যেন পানি জমে না থাকে সেদিকে সচেতন থাকতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে এডিস মশার প্রজনন রোধ করা সম্ভব হবে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।