
খুলনা থেকে চুরি হওয়া একটি ল্যান্ড ক্রুজার জীপ গাড়ি ঢাকার ধানমন্ডি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
যেভাবে চুরি হয় গাড়ি
পুলিশ সূত্রে জানা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা সুলকনা বসুর মালিকানাধীন জীপটি সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি বাড়ির গ্যারেজে রাখা ছিল। গাড়িটির রক্ষণাবেক্ষণ ও গ্যারেজ ভাড়ার জন্য প্রতি মাসে প্রায় ১৫ হাজার টাকা ব্যয় হতো।
গত ১৭ জানুয়ারি তিনি দেখতে পান, গাড়িটি গ্যারেজ থেকে চুরি হয়ে গেছে। এরপর সোনাডাঙ্গা থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে।
চুরির পর থেকেই গাড়ির ড্রাইভার আবু সুফিয়ান ওরফে আবুল নিখোঁজ ছিলেন। পরে ৯ মার্চ তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদে আরও দুই সহযোগীর নাম প্রকাশ করেন তিনি।
পুলিশ জানায়, ১৬ মার্চ ড্রাইভারকে সঙ্গে নিয়ে প্রথমে ঢাকার সাভার এলাকায় অভিযান চালানো হয়। পরে ডিএমপির তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী আব্দুল কুদ্দুস ওরফে নব খলিফা এবং লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার ধানমন্ডি মডেল থানা এলাকার একটি কার ওয়াশ (টোরো কার ওয়াশ) থেকে চুরি হওয়া জীপটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাড়িটি সোনাডাঙ্গা থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।