
খুলনার খালিশপুর এলাকায় কেসিসির ময়লা উত্তোলনকারী একটি গাড়ি থেকে তেল চুরির সময় হাতেনাতে আটক হয়েছেন এনায়েত হোসেন বাবলু নামে এক চালক। এ ঘটনায় তাকে তাৎক্ষণিকভাবে ক্লোজ (দায়িত্ব থেকে অব্যাহতি) করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে খালিশপুরে ফায়ার সার্ভিসের সামনে এলাকা এ ঘটনা ঘটে।
কেসিসি সূত্রে জানা যায়, ময়লা উত্তোলনকারী ব্যাক হুইলার লোডার-৬ নম্বর গাড়ি থেকে তেল চুরির সময় চালক বাবলুকে হাতেনাতে ধরে ফেলেন কনজারভেন্সি বিভাগের সদস্য নুরুজ্জামান সুমন। এ সময় তার সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন গাড়ির হেল্পার সুরুজ।
ঘটনাস্থল থেকে প্রায় ১০ লিটার তেল উদ্ধার করা হয়। তবে অভিযোগ রয়েছে, প্রায় ২০ লিটার ধারণক্ষমতার একটি ক্যান থেকে বেশিরভাগ তেলই অভিযুক্তরা ময়লার মধ্যে ঢেলে নষ্ট করে দেয়, যাতে আলামত নষ্ট হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক করার সময় বাধা দিলে চালক বাবলু ও তার সহযোগী সুরুজ মিলে নুরুজ্জামান সুমনের ওপর হামলা চালায়।
ঘটনাস্থল পরিদর্শন করেন কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান। তিনি জানান, দীর্ঘদিন ধরেই চালক বাবলুর বিরুদ্ধে গাড়ি থেকে তেল চুরির অভিযোগ ছিল। কর্তৃপক্ষের নির্দেশে নজরদারি বাড়ানো হলে আজ তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।
এ বিষয়ে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)-এর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “তেল চুরির বিষয়টি সত্য। চালককে আটক করে ক্লোজ করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, রিপোর্ট অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।