
বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ২০-৩০টি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চিংগড়িয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রাজীব শেখ (২৮) ওই এলাকার ফারুক শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে সন্ধ্যা থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরে সংঘর্ষে রূপ নেয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে কয়েকটি বসতঘরে আগুন দেওয়া হয় এবং ঘরবাড়িতে ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়। অভিযোগ রয়েছে, বিশ্বাস বংশের হামলায় রাজীব শেখ নিহত হন।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ‘খুলনার প্রতিচ্ছবি’কে জানান, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং রাজীব নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।