
খুলনার দিঘলিয়া উপজেলায় আসন্ন বাংলা নববর্ষ উদযাপন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহকে সামনে রেখে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্ত।
সভায় ইউএনও সুজন দাস গুপ্ত নববর্ষ উদযাপনকে সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি।
প্রস্তুতিমূলক এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম, উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম এবং গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক কপিল দেব বসাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত, পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান এবং যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন সভায় অংশ নেন। স্থানীয় সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিবরাও উপস্থিত ছিলেন।
সভায় নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিচ্ছন্নতা কার্যক্রম, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।
বক্তারা দিঘলিয়াকে একটি নিরাপদ, আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরিত করতে প্রশাসনের গৃহীত উদ্যোগের প্রতি সমর্থন জানান। পাশাপাশি, বাংলা নববর্ষকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর করে তোলার আশাবাদ ব্যক্ত করেন তারা।