
খুলনা নগরীর টেকসই উন্নয়ন ও নাগরিকদের জন্য মানসম্মত বিনোদন সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
আজ সকালে নগরীর ৭নং ঘাট এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, নগরবাসীর জন্য বোটানিক্যাল গার্ডেন, খেলার মাঠসহ আধুনিক ও মানসম্মত বিনোদন কেন্দ্রের অভাব রয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় অব্যবহৃত সরকারি জমিতে এসব সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানোর পরিকল্পনাও রয়েছে।
আগামী ৯ এপ্রিল জার্মান প্রতিনিধি দলের সম্ভাব্য সফরকে সামনে রেখে সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলোর প্রস্তুতিও পরিদর্শন করেন প্রশাসক। তিনি প্রকল্পগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে প্রশাসক রূপসা ঘাট ও আশপাশের অবকাঠামোর বর্তমান অবস্থাও সরেজমিনে ঘুরে দেখেন।
তিনি বলেন, নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।