
ফটো সাংবাদিকতার শক্তি ও গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি শক্তিশালী ছবি কখনও কখনও হাজার শব্দের চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বুধবার রাজধানীতে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ)-এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ কিংবা ভিয়েতনাম যুদ্ধের ছবি বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একটি ছবিই ইতিহাস, মানবিক সংকট কিংবা যুদ্ধের বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সক্ষম।
প্রশিক্ষণ ইনস্টিটিউট গঠনের উদ্যোগ
প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের যুগে ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়াতে একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, দেশে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ঘাটতির কারণে সময়োপযোগী দক্ষ জনবল তৈরি করা সম্ভব হচ্ছে না।
প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর তাগিদ
মন্ত্রী আরও বলেন, একসময় সাংবাদিকতার প্রধান উপকরণ ছিল কলম ও ক্যামেরা। এখন একটি ছোট ডিভাইসেই টেলিভিশন, রেডিও, ক্যামেরা, পত্রিকা এমনকি কম্পিউটারের কাজও করা সম্ভব। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারলে পেশাগতভাবে পিছিয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
গণমাধ্যমকর্মীদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে ওয়েজবোর্ড সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি অ্যাক্রেডিটেশন কার্ড, ফটো সেকশন সম্প্রসারণসহ বিভিন্ন পেশাগত সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে সবসময় সজাগ থাকতে হবে। অতীতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের আইনি প্রক্রিয়ায় অভিযোগ দাখিলের আহ্বান জানান তিনি।
সভায় বিপিজেএ সভাপতি একে এম মহসীনের সভাপতিত্বে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।