
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ১৬ এপ্রিল ২০২৬
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে বৃত্তি প্রদান করেছে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার। বৃহস্পতিবার সংগঠনটির উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত ৮ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক শিক্ষার্থীদের হাতে তুলে দেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আর্থিক সীমাবদ্ধতা যেন তাদের শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে—এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মেধাবীদের নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—স্নেহা হালদার, খাদিজা খাতুন, সিফাতুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, ফাহমিদা আমিন, জাবেদ মৃধা, জান্নাতুল ফেরদৌস এবং মোঃ রিফাত।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের উচ্চশিক্ষার পথ সুগম করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও সংশ্লিষ্টরা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।