
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশন-এ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি পরিচালনা ও উপস্থাপনার মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন।
তিনি লেখেন, “এই অর্জনটা আমার একার নয়; যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার। তাই আমি পুরস্কারটি আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।”
তিনি আরও বলেন, পুরস্কার পাওয়ার চিন্তা করে কখনও অনুষ্ঠান করেননি। দায়বদ্ধতা থেকেই কাজ করে গেছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। এই স্বীকৃতি তাকে আগামীতেও কাজের প্রতি আরও অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।