
ময়মনসিংহের তারাকান্দায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুটি বিবদমান গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। একই স্থানে ও একই সময়ে দুই গ্রুপের বিক্ষোভ সমাবেশের ঘোষণায় এলাকায় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারাকান্দা বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১টা থেকে শুরু হওয়া এই জরুরি নিষেধাজ্ঞা রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় উপজেলা যুবদল নেতা রিয়াদ আহমেদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে। এই হামলার প্রতিবাদে আজ বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল গ্রুপের অনুসারীরা। অন্যদিকে, প্রায় একই সময়ে ও একই স্থানে পাল্টা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলয়ের নেতাকর্মীরা। দুই প্রভাবশালী নেতার সমর্থকদের মধ্যে এই পাল্টাপাল্টি আহ্বানে তারাকান্দা এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয় এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাজনৈতিক এই অস্থিরতা ও সম্ভাব্য সংঘাত রুখতে তারাকান্দা উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। দুপুর থেকেই তারাকান্দা বাজারের গুরুত্বপূর্ণ মোড় ও এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের জমায়েত, মিছিল বা সভা যাতে কেউ করতে না পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থেকে টহল দিতে দেখা গেছে। প্রশাসনের এই কঠোর পদক্ষেপের ফলে আপাতত কোনো বড় ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সাধারণ মানুষের মধ্যে চাপা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।
তারাকান্দা উপজেলা প্রশাসন জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সামান্যতম আশঙ্কা থাকলেও প্রশাসন কোনো ছাড় দেবে না। শান্তি-শৃঙ্খলার স্বার্থেই এই ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের ফলে সৃষ্ট এই জটিলতায় জনজীবন যাতে ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে।