
বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে মসজিদ প্রাঙ্গণে। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।
ঈদের প্রধান জামাতে সাধারণ মুসল্লিদের পাশাপাশি অংশ নেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজনৈতিক নেতা এমএ সালাম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। জামায়াতে ইমামতি করেন হযরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।
নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে উপস্থিত নেতৃবৃন্দ ও মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় এমএ সালাম বলেন, “বাগেরহাটে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে। আমরা সহাবস্থান ও সম্প্রীতিতে বিশ্বাসী।”
ঈদের জামাতকে কেন্দ্র করে ষাটগম্বুজ এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, টুরিস্ট পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
এছাড়া বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ জামে মসজিদেও শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।