
সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির শুভ উদ্বোধনের পরপরই খুলনার দিঘলিয়া উপজেলা ও উপজেলার সকল ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), দিঘলিয়া উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত বলেন, “গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই মহতী উদ্যোগ সফল করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন। পরিবেশ রক্ষায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা কাজ করে যাবে।”
পরে উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, সড়কের পাশে এবং উন্মুক্ত স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, সরকারের ঘোষিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দিঘলিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পরিবেশবান্ধব ও সবুজ দিঘলিয়া গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।