
খুলনার দিঘলিয়া উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল বারেক সরদার (৫৫) নামের এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার গোয়ালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আব্দুল বারেক ওই শিশুকে ফুসলিয়ে গোয়ালপাড়া থেকে সুতিরকুলগামী রাস্তার মধ্যবর্তী একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশেপাশের মাঠ ও বাড়ির লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ভ্যানচালক বারেককে হাতেনাতে আটক করে ক্ষুব্ধ জনতা। পরে থানা পুলিশকে খবর দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ভুক্তভোগী শিশুটি উপজেলার সেনহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকার বাসিন্দা। উদ্ধারের পর স্থানীয়রা শিশুটিকে নিরাপদে তার বাবা-মায়ের কাছে পৌঁছে দিয়েছেন।
দিঘলিয়া থানা পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল বারেককে নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।