
সুজিত বাছাড়, দিঘলিয়া :
সারাদেশে বৈরী আবহাওয়া ও টানা বর্ষণে নদ-নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিভিন্ন অঞ্চলে নদী ভাঙন ও পাহাড় ধসের মতো বিপর্যয় দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের মোমিনপুর এলাকায় আতাই নদীর ভাঙন এবার চরম ও ভয়াবহ আকার ধারণ করেছে। ভাঙনের তীব্রতায় নদীগর্ভে বিলীন হতে চলেছে স্থানীয় একমাত্র যোগাযোগ সড়ক ও সুরক্ষা বাঁধ। বর্তমান পরিস্থিতি এতটাই নাজুক যে, এই সুরক্ষা বাঁধের ওপর দিয়ে এখন একজন মানুষের পক্ষে হেঁটে যাওয়াও অসম্ভব ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সরেজমিনে মোমিনপুর ভাঙন এলাকায় গিয়ে দেখা যায় এক চরম মানবিক ও সংকটাপন্ন চিত্র। ভাঙনকবলিত এই এলাকার একদিকে রয়েছে বারাকপুর ইউনিয়ন এবং অন্যদিকে সেনহাটী ইউনিয়ন। এই দুই অঞ্চলের সাধারণ মানুষের উপজেলা সদরে সহজে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এই রাস্তাটি। কিন্তু নদী ভাঙনের ফলে রাস্তাটি এখন সম্পূর্ণ চলাচলের অযোগ্য। ইতিপূর্বে ভাঙন রোধের সাময়িক প্রচেষ্টা হিসেবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছিল, কিন্তু আতাই নদীর তীব্র স্রোত ও পানির চাপে সেই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। এই সুরক্ষা বাঁধটি যদি কোনোভাবে সম্পূর্ণ ভেঙে যায়, তবে দিঘলিয়া উপজেলার বিস্তীর্ণ অঞ্চলের বহু গ্রাম প্লাবিত হবে। তলিয়ে যাবে শত শত হেক্টর ফসলি জমি, ঐতিহ্যবাহী পানের বরজ এবং এলাকার অর্থনীতির মূল চালিকাশক্তি হাজার হাজার মাছের ঘের। ফলে শুধু যে যোগাযোগ বিচ্ছিন্ন হবে তা নয়, বরং পুরো অঞ্চলের অর্থনীতি ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে।
সরেজমিনে পরিদর্শনকালে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সাধারণ জনগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের চোখে-মুখে ছিল ভিটেমাটি ও জীবিকা হারানোর স্পষ্ট আতঙ্ক।
মোমিনপুর এলাকার স্থানীয় ভুক্তভোগী সাধারণ নাগরিক মো. রহমত আলী দীর্ঘশ্বাস ফেলে বলেন, “নদীর পানি বাড়ার পর থেইকা ভাঙন আরও মারাত্মক হইছে। আগে তাও কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারতাম, এখন মানুষ হাঁটার জায়গাটুকুও নদী খাইয়া নিছে। রাতে আমরা ঘুমাতে পারি না, শুধু চিন্তা কখন বাঁধটা ভেঙে ঘরবাড়ি সব পানিতে তলাইয়া যায়। জিও ব্যাগ ফেলা হইছিল, কিন্তু নদীর স্রোতের কাছে ওগুলা কিছুই না। আমরা এখন আল্লাহর ভরসায় আছি।”
ভাঙন এলাকায় উপস্থিত স্থানীয় জনগন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “মোমিনপুরের এই ভাঙন এখন দিঘলিয়া উপজেলার জন্য একটা বড় হুমকি। এই সুরক্ষা বাঁধটি কোনো সাধারণ রাস্তা নয়, এটি বারাকপুর ও সেনহাটী ইউনিয়নের কয়েক হাজার মানুষের উপজেলা সদরে যাওয়ার একমাত্র সহজ পথ। বাঁধটি যদি পুরোপুরি ভেঙে যায়, তবে শুধু মোমিনপুর না, দিঘলিয়ার বহু গ্রাম প্লাবিত হবে। এলাকার কৃষকের ফসলি জমি, পানের বরজ আর কোটি কোটি টাকার মাছের ঘের ভেসে যাবে। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, সাময়িক জোড়াতালি না দিয়ে এখানে অতি দ্রুত স্থায়ী ও শক্তিশালী গাইড ওয়াল বা টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হোক। তা না হলে এই অঞ্চলকে রক্ষা করা কঠিন হবে।”
আতাই নদীর এই রুদ্ররূপ ও ভাঙনের ভয়াবহতা রোধে এখনই যদি কোনো স্থায়ী ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে দিঘলিয়ার মানচিত্র থেকে মোমিনপুরসহ বেশ কিছু এলাকা বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড অতি দ্রুত এই জনগুরুত্বপূর্ণ সুরক্ষা বাঁধটি সংস্কারে এগিয়ে আসবে—এমনটাই এখন দিঘলিয়াবাসীর একমাত্র দাবি।