
পরশমনি জ্যোতি, ঢাকা প্রতিনিধি:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে শুরু হচ্ছে ঢাকা নাট্যোৎসব ২০২৬। নৌকাবাইচ, ম্যারাথন, সাইকেল রেসিং, খাবার প্রদর্শনীসহ নানা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় এবারও এ উৎসবের আয়োজন করা হয়েছে।
আজ থেকে রাজধানীর সূত্রাপুরে অবস্থিত জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে শুরু হচ্ছে আট দিনব্যাপী এ নাট্যোৎসব। উৎসবটি চলবে ২৩ আগস্ট পর্যন্ত। আট দিনে মঞ্চস্থ হবে মোট আটটি নাটক।
উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন নাট্যজন খন্দকার শাহ আলম, নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ সংশ্লিষ্টরা।
নাট্যোৎসবে বিভিন্ন নাট্যদলের প্রযোজনায় একাধিক নাটক মঞ্চস্থ হবে। এর মধ্যে রয়েছে মৈত্রী থিয়েটারের ‘রঙিলা ফানুস’, নবনাটের ‘ভেলকি’, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘চম্পাবতী’, ঢাকা থিয়েটারের ‘ঘরজামাই’, স্বরবীথি থিয়েটারের ‘শান্তি’ এবং শৌখিন নাট্যসম্প্রদায়ের ‘শ্যামেতা খাঁর পরী’। এছাড়া মঞ্চস্থ হবে **‘অন্তরালে আয়না’**সহ আরও নাটক।
আয়োজকরা জানান, নাট্যোৎসবের পাশাপাশি প্রতিদিন বিকেল থেকে মিলনায়তন প্রাঙ্গণে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনার আয়োজন থাকবে। এসব আয়োজনের মাধ্যমে ঢাকার আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যকে নাগরিকদের সামনে তুলে ধরার পাশাপাশি রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মানুষের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্য রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ঢাকা শহরে কেউ জন্মসূত্রে, কেউ জীবিকার প্রয়োজনে আবার কেউ নানা কারণে বসবাস করছেন। এই শহরকে ঘিরে মানুষের রয়েছে নানা স্মৃতি ও আবেগ। সেই আবেগকে আরও গভীর করা এবং ঢাকার ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নাগরিকদের সম্পৃক্ত করতেই এ আয়োজন।
আয়োজকদের প্রত্যাশা, ঢাকা নাট্যোৎসব ২০২৬ নগরবাসীর মধ্যে সাংস্কৃতিক চর্চার নতুন উদ্যম সৃষ্টি করবে এবং ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।