
বাগেরহাট প্রতিনিধি:
সুন্দরবনে নৌকার তলা ফুটো হয়ে পানি ঢুকে পড়ায় ডুবে যাওয়ার আশঙ্কায় থাকা মাঝিসহ ৯ জনকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফোনকলে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও কোস্টগার্ড।
শনিবার (২২ আগস্ট) বিকেলে সুন্দরবনের সিংহের টেক এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ৮ জন পর্যটক সাতক্ষীরার শ্যামনগর থানার নাপিতখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, সুন্দরবন ঘুরতে যাওয়া এক পর্যটকের স্বজন বাগেরহাটের সুন্দরবন সিংহের বাজার এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, তাঁর ভাইসহ আটজন পর্যটক একটি ইঞ্জিনচালিত নৌকায় সুন্দরবনে ঘুরতে গেছেন। একপর্যায়ে নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করে। যেকোনো সময় নৌকাটি ডুবে যেতে পারে বলে তিনি দ্রুত উদ্ধারের অনুরোধ জানান।
কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার মালিহা আক্তার। পরে বিষয়টি দ্রুত উদ্ধারের জন্য বাগেরহাট নৌ-পুলিশ ও মোংলা কোস্টগার্ডকে জানানো হয়। উদ্ধার কার্যক্রমের তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই মো. মহিউদ্দিন মুন্না।
পরে বাগেরহাট নৌ-পুলিশ ও মোংলা কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মাঝিসহ ৯ জনকে নিরাপদে উদ্ধার করে।
জানা গেছে, আট পর্যটক নাপিতখালী থেকে ইঞ্জিনচালিত নৌকায় সুন্দরবন ভ্রমণে বের হন। তাঁরা সিংহের টেক এলাকায় পৌঁছালে হঠাৎ নৌকার তলা ফুটো হয়ে ভেতরে পানি ঢুকতে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে তাঁদের স্বজন ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান।
দ্রুত সময়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।