
মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার ও বীর মুক্তিযোদ্ধা সদ্দার মোঃ শহিদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের আবহ।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় খুলনার দিঘলিয়া উপজেলার সুতিরকুল ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের পাশাপাশি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজা শেষে সরকারি বিধি অনুযায়ী রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনের পর তাঁকে সমাহিত করা হয়। এ সময় শ্রদ্ধা ও ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধের এই বীর সেনানীকে শেষ বিদায় জানান উপস্থিত সবাই।
বীর মুক্তিযোদ্ধা সদ্দার মোঃ শহিদুল্লাহ দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদের ভাই। মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন অতিবাহিত করেন। সামরিক জীবনে দায়িত্ব ও শৃঙ্খলার পাশাপাশি দেশপ্রেম ও মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার জন্য তিনি পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু, সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দিঘলিয়া প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহর মতো মানুষদের জীবন ও ত্যাগ দেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং পরবর্তী সময়ে দেশের জন্য দায়িত্ব পালনের স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে দিঘলিয়াবাসী। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।