
সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার সেনহাটী ইউনিয়নে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত র্যালিটি শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সেনহাটী ইউনিয়নের চন্দনমহল প্রধান সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাটাবন এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী ভক্তরা অংশ নেন। এ সময় ভক্তদের মধ্যে ছিল উৎসবের আমেজ। শ্রীকৃষ্ণের নামসংকীর্তন ও ধর্মীয় নানা স্লোগানে মুখর হয়ে ওঠে র্যালির পথ।
র্যালিতে উপস্থিত ছিলেন দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিক্র দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দিলীপ দাস এবং দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন আলোক বিশ্বাস, অমৃত লাল বিশ্বাস, উজ্জল শীল, উজ্জল সরকার, ভবতোষ বর্মন, দিপু রায়, জগন্নাথ পাল, সাধন দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ সনাতনী ভক্তবৃন্দ।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ র্যালিতে অংশ নেওয়া ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
ধর্মীয় উৎসবকে ঘিরে সেনহাটী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে প্রতিবছরের মতো এবারও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।