
সুজিত বাছাড়, দিঘলিয়া, খুলনা:
খুলনার দিঘলিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব মাঠে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া ওয়াই এম এ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু। দিঘলিয়া এম. এ. মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম টুর্নামেন্টের উদ্বোধন করেন।
ওয়াই এম এ ক্লাবের আহ্বায়ক ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়ল, সাবেক জাতীয় ফুটবলার টিপু সুলতান, সরকারি এম. এ. মজিদ ডিগ্রি কলেজের সাবেক প্রধান অফিস সহকারী আতিয়ার রহমান শেখ এবং দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাসেদ কবির জুয়েল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়াই এম এ ক্লাবের যুগ্ম আহ্বায়ক ও দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন নিপু। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের যুগ্ম আহ্বায়ক আল-আমিন মোল্লা।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামে দিঘলিয়া ইয়ংস্টার ক্লাব ও দেয়াড়া ইউনাইটেড ক্লাব। নির্ধারিত সময়ে গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে দেয়াড়া ইউনাইটেড ক্লাব ৫-৪ গোলে বিজয় লাভ করে। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য দেয়াড়া ইউনাইটেড ক্লাবের খেলোয়াড় আবিদকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়।
দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব জানাই, স্থানীয় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং দিঘলিয়ায় ফুটবলের চর্চা আরও বিস্তৃত করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
দীর্ঘদিন পর স্থানীয়ভাবে বড় পরিসরে ফুটবল প্রতিযোগিতার আয়োজন হওয়ায় খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।