
আল-মাহফুজ শাওন, খুলনা:
৩ এপিবিএন, খুলনার অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৮৯টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৪১ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে এক ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উদ্ধার করা মোবাইল ফোন ও প্রতারণার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন ৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন।
এপিবিএন সূত্রে জানা যায়, অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীনের নির্দেশনায় সাইবার ক্রাইম ইউনিটটি অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, হারানো মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার এবং ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রতারণা প্রতিরোধে কাজ করে আসছে।
অধিনায়কের নির্দেশনায় সহ-অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), পুলিশ সুপার রামানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আলী এবং সহকারী পুলিশ সুপার মো. আলী নওয়াজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সাইবার ক্রাইম ইউনিট দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মোবাইল ফোন ও প্রতারণার অর্থ উদ্ধার করে।
মোবাইল ফোন ও টাকা হস্তান্তরকালে ৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন বলেন, জনসাধারণের ইতিবাচক সাড়া ও সহযোগিতা পাওয়া গেলে সাইবার অপরাধসহ বিভিন্ন ঘটনায় আরও বেশি ভুক্তভোগীকে আইনি সহায়তা দেওয়া সম্ভব হবে।
তিনি অনলাইন প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি কেউ প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানোর পরামর্শ দেন।